সোদপুরে সাতসকালে চাঞ্চল্যকর খুন, মদ্যপানের সময় বচসার জেরে বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালেই সোদপুরের সুকচর ডাঃ গোপাল চ্যাটার্জী রোডে চাঞ্চল্যকর খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে মদ্যপানের সময় বচসার জেরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে বন্ধু বাবু ঘোষকে খুন করেন স্থানীয় বাসিন্দা আশীষ চ্যাটার্জী ওরফে বাপী।

জানা গিয়েছে, মৃত বাবু ঘোষ পেশায় রঙের মিস্ত্রি। দীর্ঘদিন ধরে তিনি আশীষ চ্যাটার্জীর বাড়িতেই থাকতেন। প্রতিবেশীদের দাবি, দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

অভিযোগ, রাতে মদ্যপান করার সময় দু’জনের মধ্যে ফের বচসা শুরু হয়। সেই সময়ই হাতুড়ি দিয়ে বাবুর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলেই পড়ে থাকেন বলে জানা গিয়েছে।

সকালে ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় বাবু ঘোষের দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই খুন এবং ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *