মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী ও যানবাহন নিয়ে নদী পারাপারের অভিযোগ ওঠায় সতর্ক হল শক্তিপুর থানার প্রশাসন। সরকারি নির্দেশিকা মেনে শক্তিপুর এলাকার বিভিন্ন ফেরিঘাটে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়।
বর্তমানে ভাগীরথী নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে নির্ধারিত সীমার বেশি যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফেরিঘাটগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযানের সময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের নদী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ফেরিঘাট কর্তৃপক্ষকেও নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী বা যানবাহন নৌকায় না তোলার জন্য সতর্ক করা হয়েছে। প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে ভাগীরথী নদীপথে বিভিন্ন সময়ে নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিশেষ করে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। সেই কারণে আগাম সতর্কতা হিসেবে প্রশাসনের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
শক্তিপুর থানার এই সচেতনতামূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে শুধু অভিযান নয়, ফেরিঘাটগুলিতে নিয়মিত নজরদারি এবং সরকারি নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, সেদিকেও নজর দেওয়ার দাবি উঠেছে।













Leave a Reply