করম পুজোর বিসর্জনে উৎসবের আমেজ ডুয়ার্সজুড়ে, ডীমা ঘাটে উপচে পড়ল ভিড়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব করম পুজো ঘিরে উৎসবের আমেজ ডুয়ার্সজুড়ে। গতকাল রাতে বিভিন্ন এলাকায় রীতি মেনে করম পুজো অনুষ্ঠিত হওয়ার পর বুধবার সকাল থেকে শুরু হয়েছে করম বিসর্জন। আলিপুরদুয়ার জেলার অন্যতম বৃহৎ করম বিসর্জন ঘাট ডীমা ঘাটে সকাল থেকেই চলছে বিসর্জন পর্ব।ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে একের পর এক করম পুজো কমিটি ডীমা ঘাটে আসতে শুরু করেছে। ধামসা মাদলের তালে নাচ-গানের মধ্য দিয়ে উৎসবের আবহে ঘাটে পৌঁছচ্ছেন বহু মানুষ। করম পুজোকে ঘিরে চা বাগান ও আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে কয়েকদিন ধরেই উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।ডীমা ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে প্রশাসনের থেকে। সকাল থেকেই ঘাট চত্বরে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। বিভিন্ন চা বাগান থেকে আসা পুজো কমিটিগুলি পর্যায়ক্রমে করম বিসর্জনে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *