দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে বালিতে মর্মান্তিক দুর্ঘটনা, ভিড় ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে মৃত ১, আহত ২।

বালি-হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে হাসিমুখে বাড়ি ফেরা আর হল না। বালি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দু’জন।

মৃত ব্যক্তির নাম সুধাংশু কুমার। আহতরা হলেন নরেশ চন্দ্র গড়াই এবং সুকুমার রাম। তাঁরা সকলেই পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জনের একটি দল আজ সকালে সালানপুর থেকে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলেন।

পুজো শেষে বালি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেন ধরার সময় ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেশনে তখন প্রচণ্ড ভিড় ছিল এবং বৃষ্টির কারণে প্ল্যাটফর্ম পিছল ছিল। ট্রেনের কামরায় ওঠার সময় আচমকাই পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে পড়ে যান তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধাংশু কুমারের। গুরুতর জখম অবস্থায় বাকি দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলের সদস্য সুভাষ বাউরি জানান, “আমরা পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে একসঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলাম। পুজো শেষে বালি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠছিলাম, তখন প্রচণ্ড ভিড় ছিল। বৃষ্টি পড়ছিল। কামরায় ওঠার সময় হঠাৎ পা পিছলে তিন জন পড়ে যান।”

এই মর্মান্তিক ঘটনায় গোটা তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *