
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে বিচারাধীন বন্দীদের দ্রুত বিচার প্রক্রিয়ায় আইনি সহায়তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিবিরের আয়োজন করা হয়। বুধবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং গড়বেতা-৩ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ সিনিয়র ডিভিশন। এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের জয়েন্ট বিডিও সন্দীপ কুমার ভৌমিক, সিডিপিও সর্ণাভ তালুকদার, অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তাজা-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা।
বিচার প্রক্রিয়ায় বিলম্বের বিভিন্ন কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তা। তিনি সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের উল্লেখ করে জানান, দ্রুত বিচার গুরুত্বপূর্ণ হলেও তার পাশাপাশি সঠিক ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দেশে বিচারকের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়া, পুলিশ আধিকারিকদের বিভিন্ন দায়িত্ব পালন, বদলি, সময়মতো সমন সার্ভ না হওয়া এবং সাক্ষীদের উপস্থিতির মতো একাধিক কারণে বিচার প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলেও তিনি জানান। প্রযুক্তির ব্যবহার এবং সংবিধান ও আইনের বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে কীভাবে দ্রুত ট্রায়ালের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় বিচারাধীন বন্দীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থার কথাও তুলে ধরা হয়।
পাশাপাশি সংশোধনাগারে থাকা অভিযুক্তদের তাৎক্ষণিক আইনি সহায়তার জন্য এলএডিসিএস-এর প্যানেলভুক্ত আইনজীবী এবং রিমান্ড আইনজীবীরা রয়েছেন বলেও জানানো হয়। সাধারণ মানুষকে আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করতে অধিকার মিত্ররা কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। শিবিরে আইসিডিএস সুপারভাইজার, স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। বিচারাধীন বন্দীদের দ্রুত বিচার, বিনামূল্যে আইনি সহায়তা এবং সাধারণ মানুষের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপরই এই দিনের শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।












Leave a Reply