হবিবপুরে ঐতিহ্যবাহী একাদশী কারাম পরব, আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় শামিল বহু মানুষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রতি বছরের মতো এ বছরও মঙ্গলবার হবিবপুর ব্লকের কানতুর্কা পিঁপড়াটোলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো আদিবাসী জনজাতির ঐতিহ্যবাহী একাদশী কারাম পারাব উৎসব। ভাদ্র মাসের পূর্ণিমা তিথির একাদশীতে পালিত এই উৎসবকে ঘিরে এলাকায় দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। বেদিয়া জনজাতির অন্যতম জনপ্রিয় এই উৎসবকে কেন্দ্র করে মিলনমেলায় শামিল হন বহু মানুষ। কারাম পরব আদিবাসী জনজাতির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকাচারের এক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ সারারাত ধরে ঝুমুর নৃত্য পরিবেশন। উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে মঙ্গলবার সকাল থেকেই আয়োজন করা হয় বিভিন্ন ধরনের কার্যক্রমের। এর মধ্যে ছিল তির নিক্ষেপ প্রতিযোগিতা। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগ উৎসবের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এদিনের একাদশী কারাম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুনীল সরেন,দক্ষিণ দিনাজপুর বেদিয়া সামাজিক সমিতির সম্পাদক গনেশ চন্দ্র মাহাতো,বিরসা সেবায়েত সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি গোষ্ঠ মুন্ডা,নদীয়া জেলা বেদিয়া আদিবাসী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সুধীর মাহাতো,পিঁপড়া টোলা বেদিয়া সামাজিক সমিতির মালদা জেলা কমিটির সভাপতি সুশান্ত মাহাতো, পিপড়া টোলা বেদিয়া সামাজিক সমিতির জেলা সহ সভাপতি রঙ্গলাল মাহাতো, সম্পাদক নিরঞ্জন মাহাতো-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
ঐতিহ্যবাহী কারাম পরবের মধ্য দিয়ে আদিবাসী জনজাতির সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *