ডায়াগনস্টিক সেন্টারগুলিতে স্বাস্থ্য দপ্তর ও পুলিশের অভিযান, বন্ধ ৩।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলির নথিপত্র ও পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে অভিযান চালাল স্বাস্থ্য দপ্তর ও জেলা পুলিশ। শুক্রবার শালবনী, গড়বেতা, চন্দ্রকোনারোড এবং আমলাগোড়া এলাকায় একাধিক ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে পরিদর্শন ও তদন্ত চালানো হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের বৈধতা এবং পরিষেবা পরিচালনার বিষয় নিয়ে কিছু অভিযোগ ও তথ্য সামনে এসেছিল। সেই বিষয়গুলিই খতিয়ে দেখতে এদিন সংশ্লিষ্ট সেন্টারগুলিতে পৌঁছন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ কর্মীরা।
অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারগুলির লাইসেন্স, বিভিন্ন নথিপত্র, অনুমোদন এবং পরিষেবা পরিচালনার নিয়মকানুন খতিয়ে দেখা হয়। একটি লাইসেন্সের আওতায় একাধিক শাখা পরিচালনা করা হচ্ছে কিনা, লাইসেন্সের বৈধতা রয়েছে কিনা—এই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিনের পরিদর্শনের পর তিনটি ডায়াগনস্টিক সেন্টারের পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সেন্টারগুলির নথিপত্র ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি আরও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের জন্য ডায়াগনস্টিক পরিষেবার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও অনুমোদন যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতেই এই ধরনের পরিদর্শন করা হচ্ছে। আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলির পরিষেবা ও নথিপত্র খতিয়ে দেখতে নজরদারি ও পরিদর্শন চলবে। তদন্তে কোনও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *