১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি গ্রেফতার। তৃণমূলেরই এক দলীয় কর্মীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার সকালে মাদপুর স্টেশন সংলগ্ন নিজের বাড়ি থেকে অজিত মাইতিকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ।

অভিযোগকারী পিংলা ব্লকের ২ নম্বর জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ দাস। তাঁর অভিযোগ, ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করেছিলেন অজিত মাইতি। প্রথমে টাকা দিতে অস্বীকার করায় তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে বাধ্য হয়ে নগদ ১৫ লক্ষ টাকা অজিত মাইতির হাতে তুলে দেন বলে দাবি গোবিন্দ দাসের।

গত ২৩ সেপ্টেম্বর অজিত মাইতির বিরুদ্ধে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোবিন্দ দাস। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সকালে গ্রেফতার করা হয় অজিত মাইতিকে।

দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন অজিত মাইতি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা থেকে তৃণমূলের বিধায়কও নির্বাচিত হন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের পিংলা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপির স্বাগতা মান্নার কাছে ১৮ হাজারের বেশি ভোটে পরাজিত হন।

বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতির দায়িত্বে রয়েছেন অজিত মাইতি। গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা। যদিও অভিযোগের সত্যতা এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়াই এখন নজরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *