
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের বীরসিংপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন। বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। আনুষ্ঠানিকভাবে মূর্তির আবরণ উন্মোচন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক সমাজসেবী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই দিনের অনুষ্ঠানে বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ সংস্কার এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বিদ্যালয়ের দীর্ঘ পথচলার সঙ্গে এমন একজন মনীষীর আবক্ষ মূর্তি স্থাপনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকা ও উপস্থিত বিশিষ্টজনেরা।
বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। বিদ্যালয়ের ৬০ বছরের পথচলাকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষার গুরুত্ব এবং বিদ্যাসাগরের আদর্শ তুলে ধরার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে। হীরক জয়ন্তী বর্ষের এই বিশেষ অনুষ্ঠানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন এক অধ্যায় যুক্ত হল বলেই মনে করছেন উপস্থিত সকলে।












Leave a Reply