
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার বিদ্যুৎ দপ্তরের এক অফিসারের সঙ্গে এক ঠিকাকর্মীর কথোপকথনের অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই অডিওতে গ্রামবাসীদের উদ্দেশে বোমাবাজি করার পরামর্শ দেওয়ার মতো বক্তব্য শোনা যাচ্ছে বলে অভিযোগ। যদিও অডিও ক্লিপটির সত্যতা আমরা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।হরিমাটি গ্রামের সূত্রের খবর, বড়ঞা ব্লকের হরিবাটি গ্রামের বাসিন্দা আলি শেখ নামে এক ঠিকাকর্মীর সঙ্গে পাঁচথুপি বিদ্যুৎ গণবণ্টন কেন্দ্রের এক আধিকারিকের কথোপকথন বলে দাবি করা হচ্ছে ওই অডিও ক্লিপটিকে।
অডিওতে ওই ঠিকাকর্মীকে বলতে শোনা যাচ্ছে , গ্রামে হুকিং বা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালানোর পর জরিমানা করা হলে গ্রামবাসীরা তার উপর দায় চাপাচ্ছেন। এমনকী, তাঁকে হেনস্থার মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এর উত্তরে অপর প্রান্তের ব্যক্তিকে বলতে শোনা যায়, গ্রামে কয়েকটি বোমা মারো। পাশাপাশি, অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য গ্রামবাসীদের কাছ থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের প্রসঙ্গও কথোপকথনে উঠে এসেছে বলে দাবি।
এই অডিও ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে ভাইরাল অডিওতে শোনা কণ্ঠস্বর কার, কথোপকথনের প্রেক্ষাপট কী এবং বক্তব্যের সত্যতা কতটা, তা এখনও নিশ্চিত নয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিদ্যুৎ গণবণ্টন কেন্দ্রের স্টেশন ম্যানেজার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভাইরাল অডিও ঘিরে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।












Leave a Reply