
ফাঁসিদেওয়া, নিজস্ব সংবাদদাতা: অ্যাম্বুল্যান্সের আড়ালে চলছিল শুল্কবিহীন বিদেশি মদ পাচারের কারবার! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল দার্জিলিং আবগারি দফতর। বাজেয়াপ্ত করা হয়েছে মদ বোঝাই অ্যাম্বুল্যান্সটিও। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৩২ লক্ষাধিক টাকা। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজের কাছে গোপন সূত্রে খবর আসে যে, বিশেষভাবে পরিবর্তিত একটি অ্যাম্বুল্যান্সে করে বিপুল পরিমাণ শুল্কবিহীন বিদেশি মদ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গত ১১ নভেম্বর নকশালবাড়ি এক্সাইজ স্টেশনের ওসি-র নেতৃত্বে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রোডে অভিযান চালানো হয়।
দীর্ঘক্ষণ নজরদারি ও ধাওয়ার পর BR01PS8863 নম্বরের সন্দেহভাজন অ্যাম্বুল্যান্সটি আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১০৯ কার্টন বিদেশি মদ, যার পরিমাণ ৯৮১ লিটার।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদ এবং অ্যাম্বুল্যান্স বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে এই মদ আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালকের সন্ধানেও তদন্ত শুরু করেছে আবগারি দফতর।












Leave a Reply