প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পথে আদিবাসী সমাজ, বীর বীরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠায় অর্থ সংগ্রহ।

দাসপুর, নিজস্ব সংবাদদাতা : – প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উদাসীনতার অভিযোগ তুলে এবার পথে নামলেন আদিবাসী সমাজের মানুষজন। ভগবান বীর বীরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহে রাস্তায় নামলেন অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের দাসপুর ব্লকের কুঞ্জপুর গ্রামের আদিবাসী নেতৃত্ব ও সাধারণ মানুষ।

সংগঠনের অভিযোগ, গত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে মূর্তি প্রতিষ্ঠার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানানো হলেও মেলেনি কোনও বাস্তব সহযোগিতা। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে দাবি তাঁদের।

সংগঠনের সদস্যদের আরও অভিযোগ, অন্যান্য সমাজের মনীষীদের মূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশাসন ও সরকার উদ্যোগী হলেও আদিবাসী স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের সম্মান জানানোর বিষয়ে তেমন কোনও উদ্যোগ চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এই বিষয়ে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের দাসপুর ব্লক মানকি মুন্ডা কমিটির সম্পাদক রাজু বাঁডরা জানান, প্রায় দেড় বছর ধরে সংগঠনের নেতৃত্ব বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে আসছেন। প্রত্যেকেই সাহায্যের আশ্বাস দিলেও কেউ সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে পথে নেমে অর্থ সংগ্রহ করতে হচ্ছে।

আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে আদিবাসী সমাজের মানুষের ক্ষোভ ও বঞ্চনার ছবিই সামনে উঠে এসেছে। তাঁদের প্রশ্ন, দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভগবান বীর বীরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠার জন্যও কেন সাধারণ মানুষকে রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করতে হবে?

এখন দেখার, আদিবাসী সমাজের এই আবেদন প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কাছে কতটা গুরুত্ব পায় এবং কবে বাস্তবে প্রতিষ্ঠিত হয় ভগবান বীর বীরসা মুন্ডার মূর্তি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *