মধ্যরাতে জাতীয় সড়কে অগ্নিকাণ্ড! চলন্ত গাড়িতে দাউদাউ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ড! অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই ঘটে গেল বিপত্তি। চলন্ত প্রাইভেট গাড়ির ভিতরে আচমকাই আগুন দেখতে পান যাত্রীরা। বিপদের আঁচ পেতেই এক মুহূর্ত দেরি না করে গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। আর তার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালক-সহ যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-উড়িষ্যা জাতীয় সড়কের বেলদার কলাবনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আনুমানিক দুটো নাগাদ একটি প্রাইভেট গাড়িতে করে অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন কয়েকজন। সেই সময় জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে কলাবনি এলাকায় আচমকাই গাড়ির ভিতরে আগুন দেখতে পান তাঁরা। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তড়িঘড়ি গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন প্রত্যেকেই।
কিন্তু তাঁরা গাড়ি থেকে নেমে আসার কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় কার্যত গ্রাস হয়ে যায় গোটা গাড়িটি। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর জ্বলন্ত গাড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষজন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। কীভাবে চলন্ত গাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে সবচেয়ে স্বস্তির বিষয়, সময় থাকতে গাড়ি থেকে নেমে আসায় প্রাণে বেঁচে যান চালক ও যাত্রীরা। এখন বড় প্রশ্ন, চলন্ত অবস্থায় কীভাবে আগুন লাগল গাড়িতে? যান্ত্রিক ত্রুটিই কি এই অগ্নিকাণ্ডের কারণ? ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *