
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: জঙ্গিপুর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমুল দয়ারামপুর গ্রামপঞ্চায়েতের খোদারামপুর মোড়ে বড়সড় রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। শনিবার বিকেলে আয়োজিত এক সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী এনসিপিআই দলে যোগদান করেন।
সভায় নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান এনসিপিআই-এর জঙ্গিপুর সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর ঝাটু শেখ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি রাজীব সিনহা, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি রাজীব ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা এই কর্মীরা এনসিপিআই-এর আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। তাঁদের যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ঝাটু শেখ নবাগত কর্মীদের স্বাগত জানান। পাশাপাশি আগামী দিনে এলাকার মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজ্যের রাজনৈতিক মহলে যখন বিভিন্ন দলীয় সমীকরণ নিয়ে আলোচনা চলছে, সেই সময় বড়শিমুল দয়ারামপুর গ্রামপঞ্চায়েত এলাকায় একসঙ্গে শতাধিক কর্মীর দলবদল ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই যোগদান এলাকার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।












Leave a Reply