
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: ধর্মের ভেদাভেদ ভুলে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বড়ঞা এলাকার একদল যুবক। মৃত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যুবকরা। শুধু আর্থিক সাহায্যই নয়, পরিবারের ছোট্ট মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা করেছেন তাঁরা।
জানা গিয়েছে, বড়ঞা থানার ববরপুর কুঠিরপাহাড় এলাকার বাসিন্দা ট্রাকচালক রাজেন্দ্র বিত্তার অসমের কোকরাঝাড় জেলায় এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারান। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েন তাঁর স্ত্রী মামনি বিত্তার ও তাঁদের ছোট্ট মেয়ে।
সহকর্মীর পরিবারের এই দুর্দশার খবর পেয়ে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন রাজেন্দ্রর সহকর্মীরা। কাজিরুল শেখ, নয়ন মল্লিক, নজরুল শেখ, শ্রীকান্ত দাস ও প্রশান্ত বিত্তার-সহ অন্যান্য সহকর্মীরা তাঁর বাড়িতে পৌঁছে পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি, ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে তার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ব্যবস্থাও করেন তাঁরা।
সহকর্মীদের এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজেন্দ্রর স্ত্রী মামনি বিত্তার। স্বামীকে হারানোর কঠিন সময়ে সহকর্মীদের এই সহযোগিতা তাঁর পরিবারের কাছে বড় ভরসা হয়ে উঠেছে।
প্রিয় সহকর্মীকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তাঁর পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বড়ঞার এই যুবকরা যে মানবিকতার পরিচয় দিলেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের এই উদ্যোগ আরও একবার মনে করিয়ে দিল, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ধর্মের পরিচয়ের চেয়ে মানবিকতার বন্ধনই অনেক বেশি গুরুত্বপূর্ণ।












Leave a Reply