
সিঙ্গুর-রতনপুর, নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরের রতনপুর উদয়ন সংঘের জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় পুজো প্রাঙ্গণে তাঁর আগমনকে কেন্দ্র করে ছিল বিশেষ প্রস্তুতি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক ডাঃ অরূপ কুমার দাস। তাঁর তত্ত্বাবধানেই গোটা কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়-সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিত্ব।
প্রশাসনিক মহলেও ছিল বিশেষ তৎপরতা। উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং, ডিওয়াইএসপি হেডকোয়ার্টার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বিভিন্ন থানার ওসি ও আইসি-সহ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিও উপস্থিত ছিলেন।
পুজো প্রাঙ্গণ থেকে সিঙ্গুরের ভবিষ্যৎ শিল্পায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সিঙ্গুরে শিল্প গড়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে সিঙ্গুরের ভৌগোলিক অবস্থান, জাতীয় সড়কের যোগাযোগ, ডানকুনি শিল্পতালুক এবং কলকাতার নৈকট্যের মতো বিষয়ও।
শুধু শিল্পায়ন নয়, কৃষকদের পাশেও থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ধান ও আলুচাষিদের স্বার্থরক্ষার কথা উল্লেখ করে তিনি জানান, কৃষকদের সমস্যা সমাধানে রাজ্য সরকার পদক্ষেপ করবে। আলুর দাম কমে গেলে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি।
ধর্মীয় উৎসবের আবহে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে রতনপুর উদয়ন সংঘের অষ্টমীর পুজো ঘিরে বিশেষ আলোচনা শুরু হয়েছে। তবে সিঙ্গুরে শিল্প স্থাপনের পরিকল্পনা বাস্তবে কত দ্রুত রূপ পায়, কর্মসংস্থানের ক্ষেত্রে তার কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।












Leave a Reply