
দক্ষিণ ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:- সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে মৃত্যু হল কুলতলির এক মৎস্যজীবীর। মৃতের নাম সামসুদ্দিন লস্কর। তাঁর তিন সঙ্গী প্রাণে বাঁচলেও জলে তলিয়ে যান সামসুদ্দিন। দীর্ঘ তল্লাশির পর তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে এখন অথৈ জলে স্ত্রী ও তিন সন্তান। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর।
জীবিকার টানে সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সেই মাছ ধরাই যে শেষ যাত্রা হয়ে উঠবে, তা ভাবতেও পারেননি কুলতলির পূর্ব গোপালগঞ্জের বাসিন্দা সামসুদ্দিন লস্কর।
গত বৃহস্পতিবার সকালে চার সঙ্গীকে নিয়ে কালিবেরা জঙ্গল সংলগ্ন বিদ্যাধরী নদীতে মাছ ধরতে যান তিনি। সারাদিন মাছ ধরার পর রাতে নৌকাতেই বিশ্রাম নিচ্ছিলেন পাঁচ মৎস্যজীবী। অভিযোগ, সেই সময় আচমকাই একটি ট্রলার তাঁদের নৌকায় ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই নদীতে পড়ে যান পাঁচজন।
তিন সঙ্গী কোনওরকমে সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয়ে যান সামসুদ্দিন। খবর পেয়েই উদ্ধারকাজে নামে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ।
এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে কুলতলী থানার পুলিশ।
কিন্তু এই মৃত্যুর অভিঘাত শুধু একজন মৎস্যজীবীর জীবনেই থেমে থাকেনি। সামসুদ্দিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। সুন্দরবনের নদীতে মাছ ধরেই চলত গোটা পরিবারের জীবন। পরিবারের একমাত্র ভরসাকে হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটানোর আশঙ্কা।
মানবাধিকার সংগঠন এপিডিআরের সদস্য মিঠুন মণ্ডল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।












Leave a Reply