
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চেহারা বদলাতে এবার কড়া পদক্ষেপ! নোংরা-আবর্জনা সরানো থেকে রোগীদের খাবারের মান—সবকিছুতেই সাত দিনের সময়সীমা বেঁধে দিল রোগী কল্যাণ সমিতি।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া নেতিবাচক ধারণা দূর করে হাসপাতালকে উন্নত চিকিৎসা পরিষেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবার উদ্যোগী হল কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বর সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের খাবার পরিবেশনের মান উন্নত করার ক্ষেত্রেও কড়া বার্তা দেওয়া হয়েছে। নির্দেশ পালন না হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
শনিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে এমনই বার্তা দিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অম্লান ভাদুড়ি। এদিন তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ ডাঃ গণেশ চন্দ্র গাইন সহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী সাত দিনের মধ্যে হাসপাতালের কোথাও নোংরা-আবর্জনা জমে থাকতে দেওয়া যাবে না। হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। রোগীদের আহার বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তিকে সরকারি বরাদ্দ অনুযায়ী ভালো মানের খাবার পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পরিবেশন করতে হবে। খাবারের মান ও পরিবেশনের ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা কিংবা খাবারের মানই নয়, হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লাড ব্যাঙ্ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নিউরোলজি, নেফ্রোলজি ও কার্ডিওলজি বিভাগের পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ক্রিটিক্যাল সার্জারির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে মালদা মেডিক্যাল কলেজকে একটি উন্নত ও দৃষ্টান্তমূলক চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। এবার সেই লক্ষ্য পূরণে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়ায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের পরিষেবা কতটা বদলায়, সেদিকেই তাকিয়ে মালদাবাসী।












Leave a Reply