বন্দি বাণী : রাণু সরকার।

তোমার গলে বন্দি আছে আমার কিছু বাণী, মনে কি পড়ে তোমার?
এই আমাদের জানাশোনা, এটাই হলো পরিপূর্ণতা,
হৃদয়ের আড়ালে থাক কষ্টেরা, নির্জনে থেকো পাবে পরিচয়।

কেবলি শুনে গেছো- হোলনা কোন কথা বলা,
যে বাণী আটকে ছিলো সে কি ইন্দ্রজাল? তাকে নিয়ে কেনো আবেগের তীব্রতা-
অন্তরে আসা-যাওয়া জোয়ারভাটা, তার প্রতিধ্বনি চায় আসতে বাহিরে।

হৃদয়ের বেলাভূমিতে প্রত্যহ যুদ্ধাস্ত্রের
ঘাতপ্রতিঘাতের শব্দ তুমি শুনতে কি পাও?
বেলাভূমিতে বসে ঘাতপ্রতিঘাতের শব্দের মানে বুঝতে পেরেছো কি?
রেখো তাদের বন্দি করে অন্তরে, একদিন খুঁজে পাবে তার মানে।

সন্ধান করতে গিয়ে সংজ্ঞা না হারায়-
যে বাণী রাখা আছে একটুও পেলে না তার ঘ্রাণ? তবে আমি দেইনিতো তোমায় প্রাণদণ্ড?

ওগো আমার প্রিয়জন, যাও ভুলে সব, রেখো না কিছুই মনে–
বিহানে যে ফুল ফোটে সন্ধ্যায় সে তো পর্যুষিত পুষ্প। বিনিন্দ্র রজনী করছো যাপন গোলাপের
মনোহারিতায়। তোমার কি নাই ভয়- যার স্পর্শে হয় রক্তপাত।

যন্ত্রণা ছিলো অনেক- পায়ে বেঁধে বাজিছো তাল-ছন্দে শিঞ্জিনী! ছোট্ট জীবনের ক্রন্দন আশা নিয়ে প্রস্ফুটিত হয় সুগন্ধি পুষ্পে, মিলনের মালা হয়ে দুলবে কন্ঠে।

যাও সব কিছু ভুলে, রেখো না মনে- যদি হৃদয়ে পারো রাখতে তবে বলে যেও
সেই দিন কবে আসবে। তবুতো পায়ের থেকে কন্ঠে এলাম- নাই বা পেলাম হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *