
মালদহ, নিজস্ব সংবাদদাতা :- বিজেপির শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া শাসক শিবির। একদা এই ব্লকের সংগঠন সামলানো জেলার যুব সভাপতির টার্গেটে বারবার বিজেপি বিধায়ক। বিভিন্ন কর্মসূচি থেকে তীব্র আক্রমণ। এবার এসআইআর হয়রানির প্রতিবাদে যুব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে বিজেপি বিধায়ককে প্রাক্তন করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস।সাথে কংগ্রেসকে ধাপ্পাবাজ এবং সিপিএমকে ধান্দাবাজ বলে কটাক্ষ। পাল্টা তীব্র প্রতিক্রিয়া গেরুয়া এবং হাত শিবিরের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুরাতন মালদহের মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে যুব তৃণমূলের পক্ষ থেকে এসআইআর হয়রানির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার প্রমুখ। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে যুব সভাপতির অভিযোগ যেভাবে মানুষকে লাইনে দাড়িয়ে হয়রানি করা হচ্ছে। ঠিক সেই ভাবে এখানকার বিজেপি বিধায়ককে গণনার দিন লাইনে দাঁড়িয়ে প্রাক্তন করব। বিজেপিকে আক্রমণ করে তিনি আরো বলেন এই পাঁচ বছরের মানুষ বিধায়কের কাছ থেকে কিছু পায়নি। শুধুমাত্র ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভোট নিয়েছে। রাজ্যে চতুর্থ বারের জন্য তৃনমূল কংগ্রেসের সরকার নিশ্চিত।তাই মানুষকে আহ্বান জানাবো এখানে তৃণমূলকে নির্বাচিত করতে।
যদিও পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।তোপ দেগেছে কংগ্রেসও।
প্রসঙ্গত পুনরায় জেলার যুব সভাপতি হওয়ার পর থেকে পুরাতন মালদহের বিভিন্ন কর্মসূচি থেকে বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা কে নিশানা করছেন প্রসেনজিৎ। একসময় এই ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। ছাব্বিশের নির্বাচনে গেরুয়া গড়ে ঘাসফুল ফোটাতে প্রার্থীও তিনি হতে পারেন বলে জল্পনা চলছে।












Leave a Reply