আকভানের বৃষ্টিতে জলমগ্ন মাঠঘাট, স্কুলের মেঝেতে কুণ্ডলী পাকিয়ে সাপ! আতঙ্কে চিৎকার ছাত্রছাত্রীদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – আকভানের বৃষ্টিতে মাঠঘাট জলমগ্ন। আর সেই জলমগ্ন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্কুলের ভিতরে ঢুকে পড়ল একটি সাপ। শুক্রবার সকালে স্কুলের দরজা খুলতেই মেঝেতে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখা যায় সাপটিকে। সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে ছাত্রছাত্রীরা। পরে সাপ উদ্ধারকারী মাসুদ খান এসে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। ঘটনাকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের নৈকুল বৈচা প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুলের প্রধান শিক্ষক সুপ্রতিম মিশ্র জানান, স্কুলের দরজা খোলার পরই মেঝেতে কুণ্ডলী পাকিয়ে বসে থাকা সাপটিকে দেখতে পান তাঁরা। ছাত্রছাত্রীদের চিৎকার ও হইচই শুনে সাপটি স্কুলের আলমারির তলায় আশ্রয় নেয়। পরে সাপ উদ্ধারকারী মাসুদ খানকে খবর দেওয়া হলে তিনি এসে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সাপটির নাম দুধরাজ। সাপ উদ্ধারকারী মাসুদ খান ছাত্রছাত্রীদের জানান, দুধরাজ সম্পূর্ণ নির্বিষ সাপ। বাদামি শরীরের উপর কালো ও সাদা চৌকো দাগ থাকে এই সাপের। অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে এটি। ভয় পেলে আত্মরক্ষার জন্য শরীরের সামনের অংশ ফুলিয়ে আক্রমণাত্মক ভঙ্গি তৈরি করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চন্দ্রবোড়া-সহ অন্যান্য সাপের বাচ্চা এবং ইঁদুর, ছুঁচো খেয়ে পরিবেশ ও কৃষিক্ষেত্রে উপকার করে। দুধরাজ নাম হলেও এই সাপ দুধ খায় না।

সর্প বিশেষজ্ঞদের মতে, শীতকালে সাপ বিভিন্ন গর্তে আশ্রয় নিতে পারে। তাই বাড়ির আশপাশের গর্ত, ঝোপঝাড় ও জমে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে চন্দ্রবোড়া সাপের মিলনের সময় একাধিক সাপ কাছাকাছি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সতর্কতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *