
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জল অপচয় রোধ ও জল সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গ্রামে গ্রামে সচেতনতা কর্মসূচি চালাচ্ছে চেতনা প্রাঙ্গণ। সেই উদ্যোগের অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লকের ঠাকুরশোল গ্রামে জল অপচয় ও জল সংরক্ষণ বিষয়ক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আমলাশুলির মানিকদ্বীপা রবীন্দ্র স্মৃতি সংঘের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বর্তমানে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় সজল ধারার কল থেকে অনবরত জল অপচয়ের ঘটনা দেখা যায়। অথচ ভবিষ্যতে এই অপচয়ের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সে সম্পর্কে অনেকেই সচেতন নন। জলসম্পদের গুরুত্ব এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
ট্যাবলো নিয়ে গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে জল অপচয় বন্ধ ও জল সংরক্ষণের বার্তা পৌঁছে দেন উদ্যোক্তারা। পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত বিশিষ্টজনেরা জল সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
এদিন বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক সুভাষ চট্টোপাধ্যায়, ত্রিলোচন সাঁতরা, অনির্বাণ চট্টোপাধ্যায়, বাবুসাহেব দিগর, অভিরাম ষন্নিগ্রহী, মীনা সাহা, আপ্যায়ন বেরা, প্রশান্ত মাহাত, সংস্থার সুব্রত দাস, সঞ্জয় নন্দী, সুব্রত মান্না-সহ অন্যান্যরা। জল অপচয় রোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলসম্পদ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।












Leave a Reply