
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- কারিগরি শিক্ষা, গবেষণা এবং পরিবেশগত স্থায়িত্বকে আরও শক্তিশালী করতে আইআইটি খড়গপুরের সঙ্গে অংশীদারিত্বে এগিয়ে এল রশ্মি গ্রুপ। আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ কর্মশালায় CSR-এর মাধ্যমে সহযোগিতা করেছে রশ্মি গ্রুপ।
গত ১৭ ও ১৮ নভেম্বর কলকাতার নিউ টাউনের রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে অনুষ্ঠিত হয় নগর স্থানীয় সংস্থাগুলির কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি কার্যকর করার উপর দু’দিনের কর্মশালা। পাশাপাশি, ১৭ থেকে ২০ নভেম্বর আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হয় হাইড্রোলিক্স ও কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে CFD মডেলিংয়ের অগ্রগতি নিয়ে চারদিনের জাতীয় কর্মশালা। দুটি কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ ও সরকারি ক্ষেত্রের অংশীজনরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় কর্মশালায় ২৫ জন নির্বাচিত পিএইচডি গবেষক ও তরুণ অনুষদ সদস্যদের ANSYS Fluent, OpenFOAM এবং REEF3D-এর মতো উন্নত প্রযুক্তিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
রশ্মি গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর চৌধুরী জানান, CSR উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব তৈরিতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, প্রতিভার বিকাশ এবং দীর্ঘমেয়াদি সামাজিক ও পরিবেশগত মূল্য তৈরিতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগকে ভবিষ্যতেও সমর্থন করা হবে বলে জানান তিনি।












Leave a Reply