
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর রোডের ইমারজেন্সি রাস্তা ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। একবার দোকান বসানোর পর আন্দোলনের জেরে সেই দোকান তুলে দেওয়া হয়েছিল। ফের শীতের মরশুমে পসরা সাজিয়ে ব্যবসা শুরু করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু দোকান চালু হওয়ার দু-তিন দিনের মধ্যেই শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। আর তাতেই একদিকে দোকানের পসরা, অন্যদিকে রাস্তার খানাখন্দ—দুয়ের মাঝে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতও।
ব্যবসায়ীদের দাবি, মেদিনীপুর পুরসভায় দুই লক্ষ টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করার পর স্থায়ী ব্যবসার জন্য বিদ্যুতের লাইনের ব্যবস্থাও করা হয়েছিল। সেই অনুমতি অনুযায়ী দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন তাঁরা। কিন্তু দোকান বসানোর পর রাস্তা সংস্কারের কথা বলে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, তাঁরা দোকান সরিয়ে নিলেও সেই সময় রাস্তার কাজ শুরু হয়নি। ফের দোকান বসানোর দু-তিন দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। ব্যবসায়ীদের বক্তব্য, তাঁদের দোকানে প্রায় শতাধিক কর্মী রয়েছেন। বিক্রির জন্য কয়েক লক্ষ টাকার শীতের পোশাক ও অন্যান্য সামগ্রী কেনা হয়েছে। এই পরিস্থিতিতে রাস্তার কাজ চললে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা শঙ্কর দাসের দাবি, ইমারজেন্সি রাস্তার মতো গুরুত্বপূর্ণ পথ কোনওভাবেই দোকান বসানোর জন্য ব্যবহার করা উচিত নয়। তাঁর প্রশ্ন, অর্থের বিনিময়ে কীভাবে সেখানে দোকান বসানোর অনুমতি দেওয়া হচ্ছে?
এই বিষয়ে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Leave a Reply