পরকীয়ার জেরে পার্লারে রক্তাক্ত হামলা, আশঙ্কাজনক দুই।

সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা:- দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায় দিনের আলোয় এক ভয়াবহ রক্তাক্ত ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বিউটি পার্লারের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন পার্লারের মালকিন ও এক যুবক।
আহত মহিলা রুপবানী দাস (পম্পা), বয়স আনুমানিক ৪৯ বছর। তিনি স্থানীয় রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ এক যুবক পার্লারে ঢোকার পরই আচমকা চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, পার্লারের ভেতরে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে রুপবানী দাসের গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে তাঁর স্বামী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে বাইরে নিয়ে আসেন।
পরে দেখা যায়, অভিযুক্ত যুবকের গলাতেও গভীর ক্ষত রয়েছে। পুলিশের অনুমান, মহিলাকে আঘাত করার পর সে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে থাকতে পারে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানা পুলিশ। গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে পুরো ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের পরিচয় ও সম্পর্কের প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।
এই নৃশংস ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনবহুল এলাকায় দিনের বেলায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *