
মালদা, নিজস্ব সংবাদদাত:– রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য । আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুরে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোর। শুক্রবার এমনই তোড়জোরের ছবি নজরে এল মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার’ দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায়, হাসিমুখে এগিয়ে আসেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্যমূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তে তারকাঁটার বেড়া দেওয়ার দাবী জানিয়ে আসছিলেন। কারণ ‘তারকাঁটার বেড়া না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছিল। গবাদি পশু চুরি করে বাংলাদেশ পাচার করছিল। তাই বর্তমান রাজ্য সরকার সীমান্তে তারকাঁটার বেড়া তৈরির জন্য বিএসএফ-এর হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুব খুশি। তাই খুশি খুশি মনেই ন্যায্যমূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের হাতে। এই প্রসঙ্গে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার জানান, সীমান্তে তারকাঁটার বেড়া তৈরির জন্য রাজ্য সরকার বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকর করতে তারা জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন। কৃষকরা স্বেচ্ছায় তাদের জমি তুলে দিচ্ছেন। তাই আশা করছেন জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন।












Leave a Reply