পুলিশ প্রশাসনে বড় রদবদল: বদলি ১০৮ জন আধিকারিক, তালিকায় জঙ্গলমহলও।

নিজস্ব সংবাদদাতা, বিশেষ প্রতিবেদন :- রাজ্য পুলিশ প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটে গেল। একযোগে বদলি করা হলো ১০৮ জন পুলিশ আধিকারিককে। নির্বাচনের পর বা আইনশৃঙ্খলার ভিত মজবুত করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলেও, এত বড় মাপের রদ বদলে স্বাভাবিকভাবেই ব্যাপক ঝাঁকুনি খেল পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ট মহলের নজর কেড়েছে এই বদলির তালিকাটি। রাজ্য পুলিশের পক্ষ থেকে জারি করা এই তালিকায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল সংলগ্ন এলাকাগুলি। তালিকায় রয়েছে গোয়ালতোড় এবং খড়্গপুর টাউন থানার মতো গুরুত্বপূর্ণ থানা। এর পাশাপাশি ঝাড়গ্রাম, বেলপাহাড়ী এবং বিনপুরের মতো স্পর্শকাতর এলাকার পুলিশ আধিকারিকদেরও এই তালিকায় শামিল করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, এটি একটি রুটিন বদলি। কাজের গতি বাড়াতে এবং আইন-শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে ওয়াকিবহাল মহলের মতে, হঠাৎ জঙ্গলমহল ও শিল্পাঞ্চলের এই থানাগুলিতে একসঙ্গে এত রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন আধিকারিকরা দ্রুত নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *