
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানাল জেলা বিজেপি। সোমবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন দলের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলী-সহ জেলার অন্যান্য নেতৃত্ব। মাল্যদান পর্বের শেষে ডঃ মুখার্জির জীবনাদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা।
জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদিন জেলাজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন, স্মরণসভা ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।












Leave a Reply