
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড: নারীশিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধা জানিয়ে চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রীরা নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যাসাগরের জীবনাদর্শ, সমাজ সংস্কার এবং নারীশিক্ষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত একটি নাটক। নাটকে বিদ্যাসাগরের নারীশিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রচলনের উদ্যোগ, কুসংস্কার ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তাঁর নিরলস সংগ্রামের নানা দিক জীবন্ত হয়ে ওঠে। ছাত্রীরা দক্ষ অভিনয় ও সংলাপের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, “বর্তমানে সমাজে মেয়েদের শিক্ষা ও আত্মনির্ভরতার যে বিস্তার ঘটেছে, তার অন্যতম ভিত্তি স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে এলাকার শিক্ষানুরাগী মানুষ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।












Leave a Reply