বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তাতেই ধানের চারা রোপণ, অভিনব আন্দোলনে গ্রামবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদে সামিল হলেন মালদার হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের ইসলামপুর গ্রামের বাসিন্দারা। শুক্রবার সকালে রাস্তার বড় বড় গর্তে ধানের চারা রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় সেই গর্তে জল জমে যাওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
গ্রামবাসীদের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি, লক্ষণপুর-সহ প্রায় ১০টি গ্রামের বাসিন্দা প্রতিদিন যাতায়াত করেন। পাশাপাশি স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদেরও এই রাস্তার উপরই নির্ভর করতে হয়। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে আবেদন ও অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে এদিন অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়ে রাস্তার গর্তে ধানের চারা রোপণ করেন তাঁরা এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তোলেন।
গ্রামবাসীরা জানান, দ্রুত রাস্তার মেরামতির কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *