
মালদা, নিজস্ব সংবাদদাতা:— অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাস তিনেক আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মালদার ইংরেজবাজার থানার মহেশপুর এলাকার যুবক বিক্রম হালদার এমনি দাবি পরিবারের। সেই ঘটনায় নয়জন অভিযুক্তের মধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও, বাকিরা এখনও অধরা রয়েছে। তারা গা দিয়ে মাঝেমধ্যেই হুমকি, শাসানি দিয়ে চলেছে নিহত যুবকের পরিবারকে। যা নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন পরিবারবর্গ। বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের। এতে কাজ না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মৃত যুবকের অসহায় বাবা-মা সহ গোটা পরিবার। উল্লেখ্য, চলতি বছরের মে মাসের ৬ তারিখ রাতে মালদার ইংরেজবাজারের মহেশপুর এলাকার বিক্রম হালদার নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছিল এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজ কর্মের প্রতিবাদ করেছিল ওই যুবক। সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। সেই মতো পরিবারের পক্ষ থেকে মোট নয়জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে চলতি মাসের ৭ তারিখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। আতঙ্কিত পরিবারবর্গের বক্তব্য বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নচেৎ তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এই বিষয়ে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদূড়ীকে ধরা হলে তিনি ব্লেণ, পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে।তাদেরও পুলিশ ধরবে।












Leave a Reply