
মালদা, নিজস্ব সংবাদদাতা:– আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও নিরাপদভাবে নিজেকে এবং অন্যদের রক্ষা করা যায়, সেই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শুক্রবার হরিশ্চন্দ্রপুর অগ্নিনির্বাপক কেন্দ্রের উদ্যোগে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন-এ একটি অগ্নি-সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত অগ্নিনির্বাপক কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের আগুন লাগার সম্ভাব্য কারণ, অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের উপায় এবং নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার কৌশল সম্পর্কে বিস্তারিত জানান। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। অগ্নিনির্বাপক কর্মীরা জানান, সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই অগ্নি-নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সচেতনতা শিবিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শিবির শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ হরিশ্চন্দ্রপুর অগ্নিনির্বাপক কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান












Leave a Reply