পশ্চিমবঙ্গে তিন দিনের সফরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, নারী সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তিতে একাধিক কর্মসূচি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নারী নিরাপত্তা, আইনি সহায়তা, মানব পাচার প্রতিরোধ এবং মহিলাদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাকে আরও কার্যকর করতে তিন দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর। ৫ থেকে ৭ অগস্ট পর্যন্ত কলকাতা ও হাওড়ার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রশাসন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরের প্রথম দিন, ৫ অগস্ট কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে আয়োজিত ‘ক্যাম্পাস কলিং’ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন কমিশনের চেয়ারপার্সন। এরপর ধন ধান্য অডিটোরিয়ামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক এবং ন্যাশনাল লাইব্রেরিতে ‘শি সার্ভস’ কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

৬ অগস্ট বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘নারী নেতৃত্বে উন্নত বাংলা’ শীর্ষক বেঙ্গল উইমেন্স ডেভেলপমেন্ট কনক্লেভ-এর উদ্বোধন করবেন তিনি। একই দিনে কলকাতায় আয়োজিত মহিলা জনশুনানিতে সরাসরি মহিলাদের অভিযোগ শুনবেন। পরে নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের ডিজিপি ও শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকেও যোগ দেবেন।

সফরের শেষ দিন, ৭ অগস্ট হাওড়ার শরৎ সদনে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা প্রতিরোধ (POSH) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন বিজয়া রহাটকর। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে নিউ টাউনে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সদর দপ্তরে মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত বিশেষ কর্মশালায় বক্তব্য রাখারও কর্মসূচি রয়েছে।

জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কলকাতা ও হাওড়ায় আয়োজিত দুটি মহিলা জনশুনানি, যেখানে প্রথমবার কমিশনের চেয়ারপার্সন নিজে সভাপতিত্ব করবেন। ৬ অগস্ট কলকাতা এবং ৭ অগস্ট হাওড়ায় অনুষ্ঠিত এই জনশুনানিতে মহিলারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। পূর্বনির্ধারিত আবেদন ছাড়াও ওয়াক-ইন অভিযোগ গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

কমিশনের মতে, এই সফরের মূল উদ্দেশ্য রাজ্যে নারী নিরাপত্তা ও ন্যায়বিচার সংক্রান্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করা এবং বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *