
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ, ভোটার তালিকায় যোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিতে দিনহাটায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সংগঠন এবং সংযুক্ত কিষাণ মোর্চা।
সোমবার দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে এই কর্মসূচিকে কেন্দ্র করে জমায়েত করেন সংগঠনের সদস্য ও সমর্থকেরা। এদিন দিনহাটা স্টেশন চত্বর থেকে একটি মিছিল বের হয়। বিভিন্ন দাবি ও স্লোগান দিতে দিতে মিছিলটি দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছয়।
সেখানে সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। কৃষকদের সারের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়। পাশাপাশি ভোটার তালিকায় যোগ্য নাগরিকদের নাম তোলা এবং তালিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও উঠে আসে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তারাপদ রায়, শুভ্রালোক দাস, প্রবীর পাল-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
আন্দোলনকারীদের দাবি, কৃষকদের সমস্যা সমাধানে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ করতে হবে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন ও নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রেও সাধারণ মানুষের সমস্যাগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করার দাবি জানানো হয়েছে।












Leave a Reply