এখন আর কবিতা লিখি না : মহীতোষ গায়েন ।

এখন আর কোন কবিতা লিখি না, চিত্রপট শূন্য-
সমস্ত কথা ভেসে মিশেছে সমাজের জলাশয়ে,
জলও স্থির হয়ে গেছে,আর কোন ঢেউ নেই
বকুল গাছে কুঁড়ি এসেছে ঠিকই,গাছ অসার।
#
বিশ্বাসগুলো মরে যাচ্ছে একে একে,যে বেঁচে
থাকার কথা বলতো আজ সেও বাস্তবের কঠিন
কষাঘাতে জর্জরিত,তাই বেঁচে থাকার ইচ্ছাটাও
মরে যাচ্ছে,শিক্ষার শিখরে এখনোও অন্ধকার।
#
কিছু কিছু কথা রাখার চেষ্টা করেও ফল হচ্ছে না,
আজকাল মানুষেরা কথা কেনাবেচা করে,বাঁকায়;
প্রকৃত যোগ্য মেধাবীরা জায়গা পায় না,কথা মরে,
পিএইচডি-র জন্য তাই গুজরাট,পুনেতে যেতে হয়।
#
এখন আর কোন কবিতা লিখি না,লিখতে গেলে
রক্ত ঝরে,সমাজের রন্ধ্রে রন্ধ্রে মারাত্মক ভাইরাস,
তার আবর্তে মানুষ ডুবছে,উঠছে,উঠছে ও ডুবছে,
হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লোকের বড় অভাব।

বহু বছর ধরে লবিং আর লবিং,মেধা নিয়ে কেউ
উঠতে চাইলে ভাইরাসগুলো সক্রিয় হচ্ছে চরাচরে-
শ্রাবণের বাতাসে ছাতিম ফুলের গন্ধ শ্বাসকষ্ট বাড়ায়-
জীবনানন্দ দাশের কবিতা ১৯৪৬-৪৭-এর অনুরণন।

পবিত্র হাত কলুষিত করার লোক এখনও প্রচুর,সুযোগ না দিয়ে সুযোগ কাড়া হচ্ছে,ইন্টারভিউ বোর্ডে ফতোয়া;
অবান্তর প্রশ্ন দিগ্গজ পণ্ডিতের-,প্ল্যাকার্ডে -“কেউ নেই,কিছু নেই,সূর্য নিভে গেছে”;তাই কবিতা লিখি না আর।
———

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *