
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। অভিযোগ, বুড়ামারা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পর ওই নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর বুড়ামারা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ওই নাবালিকা তার পরিচিত এক যুবকের সঙ্গে গিয়েছিল বলে জানা যায়। অভিযোগ, অনুষ্ঠান শেষে নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে বেশ কয়েকজন যুবক তার উপর যৌন নির্যাতন চালায়। ঘটনার পর সোমবার পরিবারের পক্ষ থেকে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকার সঙ্গে থাকা যুবক-সহ মোট চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রকৃত পরিস্থিতি, অভিযোগের সত্যতা এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।












Leave a Reply