হাইকোর্টের নির্দেশে কড়া নিরাপত্তায় পদমকান্তি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন, প্রধান নুরজাহান বিবি।

খড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রামের পদমকান্তি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন সম্পন্ন হল। মঙ্গলবার পঞ্চায়েতের মোট ১৫ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও সমর্থনের ভিত্তিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন প্রধান নির্বাচিত হন নুরজাহান বিবি।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পঞ্চায়েত চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। নির্দিষ্ট সময়ে একে একে পঞ্চায়েত সদস্যরা উপস্থিত হলেও বিরোধী পক্ষের কোনও সদস্য উপস্থিত না হওয়ায় প্রধান নির্বাচনের প্রক্রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।

এরপর পূর্বের প্রধান শবনম ইয়াসমিনকে অপসারণ করে নুরজাহান বিবিকে নতুন প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। প্রধান নির্বাচনের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

দলীয় সমীকরণের বাইরে গিয়ে সাধারণ সদস্যদের উপস্থিতি ও সমর্থনে প্রধান নির্বাচন হওয়ায় এদিনের বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক মহলেও ছিল বিশেষ নজর। হাইকোর্টের নির্দেশের কারণে সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।

প্রধান নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ আনন্দে মেতে ওঠেন। নবনির্বাচিত প্রধানকে ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির-সহ উপস্থিতরা। পরে পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোটা বোর্ড গঠন ও প্রধান নির্বাচনের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *