
মন্দারমণি, নিজস্ব সংবাদদাতা :- সৈকতশহর মন্দারমণিতে হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে পর্যটকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল হোটেলের নিরাপত্তারক্ষী ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বর্তমানে তিনি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গাড়ি রাখা নিয়ে পর্যটকদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই হোটেলের সিকিউরিটি ও কর্মীরা পর্যটকদের উপর চড়াও হয়ে মারধর করেন। ঘটনায় দু’জন মহিলা, এক বৃদ্ধ, দু’জন পুরুষ এবং দু’জন শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে হোটেলের এক কর্মী ও এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
পর্যটকদের অভিযোগ, বেড়াতে এসে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত পর্যটক ও তাঁদের পরিবারের সদস্যরা।












Leave a Reply