মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার জল ও বন্যার জলে জলমগ্ন ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চলের হোসেনপুর দিয়ার। একাধিক বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। কালভার্ট কেটে জল ঢুকে পড়ায় বেশ কিছু পরিবার কার্যত জলবন্দি হয়ে পড়েছে। একইসঙ্গে চর সুজাপুর থেকে টাউনশিপ যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পরিস্থিতি এমনই যে, আপাতত নৌকাই এলাকার মানুষের একমাত্র ভরসা। স্কুল, হাট-বাজার, হাসপাতাল কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত—সবকিছুর জন্যই নৌকায় পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের। মানুষ থেকে ছাগল, এমনকি বাইকও নৌকায় পারাপার করতে দেখা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এই দুর্যোগের পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষের প্রতিনিধি তথা সমাজসেবী বাবলু ঘোষ। তাঁর উদ্যোগে হোসেনপুর দিয়ারে প্রায় ১০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, আটা, চানাচুর, শিশুদের খাবার, ত্রিপল-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
বন্যার জলে ঘরবাড়ি ডুবে যাওয়ার পর দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বহু পরিবার। সেই পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও ত্রিপল পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। শুধু ত্রাণ বিতরণেই থেমে না থেকে আগামী দিনেও বিপদের সময় মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাবলু ঘোষ।
স্থানীয়দের বক্তব্য, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সমাজসেবার পরিচয়। বন্যার্ত মানুষের কঠিন সময়ে বাবলু ঘোষের এই উদ্যোগকে মানবিক ও সমাজসেবামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন তাঁরা।
এদিকে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও জলবন্দি এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে দুটি নৌকা বিনামূল্যে পারাপারের জন্য দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যাতে বাসিন্দারা নিরাপদে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষের প্রতিনিধি তথা সমাজসেবী বাবলু ঘোষ, বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান রাকিব শেখ-সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
বন্যার জল ঘিরে হোসেনপুর দিয়ারে যখন তৈরি হয়েছে দুর্ভোগ ও অনিশ্চয়তা, তখন ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা দিলেন বাবলু ঘোষ।













Leave a Reply