পানিহাটি, নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুর ১২টা নাগাদ পানিহাটি বেঙ্গল কেমিক্যাল বাসস্ট্যান্ড সংলগ্ন সিএসসি সাব-ডিস্ট্রিবিউশন সেন্টারে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখার আকার নেয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিটি রোডের ধারে থাকা একাধিক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি একটি অটোও আগুনে পুড়ে যায়। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়িতেও আগুনের হলকা এসে লাগলে সেটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনায় এখনও পর্যন্ত দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পানিহাটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। আগুন কীভাবে লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।













Leave a Reply