বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চালু ‘বিদ্যাসাগর মিউজিয়াম’, বিদ্যাসাগরের ব্যবহৃত জুতোও সংরক্ষিত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে চালু হল ‘বিদ্যাসাগর মিউজিয়াম’। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের ঠিক আগে বিশ্ববিদ্যালয় চত্বরে এই মিউজিয়াম চালু হওয়ায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই দিন মিউজিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। উদ্বোধনের পর মিউজিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। তিনটি রুম নিয়ে তৈরি করা হয়েছে এই মিউজিয়াম। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্ম এবং তাঁর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।
মিউজিয়ামের তিনটি কক্ষে বিদ্যাসাগরের বিভিন্ন ছবি, নথিপত্র, চিঠি, বইপত্র-সহ তাঁর জীবন ও কর্মের সঙ্গে সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি, বিদ্যাসাগরের ব্যবহৃত জুতোও সংরক্ষণ করা হয়েছে এখানে। ফলে বিদ্যাসাগরের জীবন ও তাঁর সময়কাল সম্পর্কে জানতে আগ্রহী মানুষজনের কাছে এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তার আগেই বিদ্যাসাগরের স্মৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই মিউজিয়াম চালু করা হল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগের মাধ্যমে বিদ্যাসাগরের জীবন, শিক্ষা-চিন্তা এবং সমাজ সংস্কারের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর, মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পর মিউজিয়ামের বিভিন্ন সংগ্রহ ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *