ক্যানসারে আক্রান্ত নিরুপমার চিকিৎসায় সাহায্যের হাত, জটেশ্বর বাজারে অর্থ সংগ্রহে যুবকরা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – ক্যানসারে আক্রান্ত গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বর্মনপাড়ার বাসিন্দা নিরুপমা বর্মনের চিকিৎসায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একদল যুবক। মঙ্গলবার বিকেল থেকে জটেশ্বর বাজারের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাঁরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। জানা গিয়েছে, ৫৫ বছর বয়সি নিরুপমা বর্মন প্রায় চার মাস ধরে শয্যাশায়ী। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বর্মনপাড়ায় স্বামী রামেশ্বর বর্মনের সঙ্গে তাঁর সংসার। পাঁচ মেয়েরই ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। বর্তমানে পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। স্ত্রীর চিকিৎসার জন্য ধারদেনা করে তাঁকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন রামেশ্বরবাবু। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা কীভাবে করাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে রামেশ্বর বর্মনের। এমন পরিস্থিতিতে নিরুপমার চিকিৎসায় পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবক। তাঁরা জটেশ্বর বাজারে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহের পাশাপাশি সহৃদয় মানুষ ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে নিরুপমা বর্মনের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *