
মালদহ, নিজস্ব সংবাদদাতা : – কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে উন্নয়ন ও সুশাসন নিয়ে বিশেষ বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাধারণ মানুষকে অযথা চিন্তিত না হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ ও আদালতকে তাদের কাজ করতে দেওয়া উচিত। সব ক্ষেত্রেই ন্যায়বিচার হবে, কোনও নাটক চলবে না।
পাশাপাশি আগামী দু’বছরের মধ্যে রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের প্রতিফলন দেখা যাবে বলেও দাবি করেন মন্ত্রী। জবরদখল, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
এদিন কালীপুজো উপলক্ষে শব্দবিধি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে উৎসব পালনের আবেদনও জানান দিলীপ ঘোষ। নিজের আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়ে ওঠে, সে বিষয়েও সকলকে সতর্ক করেন তিনি। মন্ত্রীর কথায়, পুলিশ ও প্রশাসন সবদিকেই নজর রাখছে। নিয়ম ভাঙা কিংবা দাদাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, রবিবার মালদার বৈষ্ণবনগরের পিটিএস মোড়ে বিবেকানন্দ স্মৃতি সংঘের কালীপুজোর ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন জেলায় একাধিক কালীপুজোর উদ্বোধনী কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।












Leave a Reply