
বালি, নিজস্ব সংবাদদাতা: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বালি হল্ট বাসস্ট্যান্ডের নিচে। বন্ধ থাকা একাধিক দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
জানা গিয়েছে, প্রথমে বালি ট্রাফিক পুলিশের নজরে আসে আগুনের বিষয়টি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালি দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ১৪ থেকে ১৫টি দোকান ছিল। দমকলকর্মীদের তৎপরতায় বাকি দোকানগুলিকে আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। তবে ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনাস্থলের পাশেই রয়েছে বালি স্টেশনের রেললাইন। সেখানে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। আগুন রেললাইনের বৈদ্যুতিক পরিকাঠামোয় ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা ছিল। রেল আধিকারিকদের বক্তব্য, কাছেই ছিল সিগন্যাল বক্স। সেটি ক্ষতিগ্রস্ত হলে ট্রেন চলাচল ব্যাহত হতে পারত। দমকলের তৎপরতায় মালগাড়ি এবং রেলের পরিকাঠামো রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।












Leave a Reply