
বোলপুর, নিজস্ব সংবাদদাতা: শহর বোলপুরে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েন পুলিশকর্মীরা। অভিযুক্তের ছোড়া গুলিতে পায়ে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে ধরতে গেলে সে আচমকাই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দ্রুত উদ্ধার করে সহকর্মীরা বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। শহরের ব্যস্ততম এলাকায় পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল এবং অভিযুক্তের পরিচয় কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।












Leave a Reply