
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: বিরল রোগের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারি অনুদান, রাজ্যে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে বিশেষজ্ঞ উপদেষ্টা নিয়োগ, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক হাজিরা-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং চিকিৎসাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
বিরল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তা
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, বিরল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভারত সরকারের ‘রাষ্ট্রীয় আরোগ্য নিধি’ এবং ‘ন্যাশনাল পলিসি ফর রেয়ার ডিজিজেস’ (NPRD)-এর মাধ্যমে আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। মাল্টিপল স্ক্লেরোসিস এবং স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-র মতো রোগও এই উদ্যোগের আওতায় রয়েছে বলে জানান তিনি।
তাঁর দাবি, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির চিকিৎসায় প্রায় ১৯ কোটি টাকা মূল্যের সিঙ্গল জিন থেরাপির ডোজও সম্পূর্ণ অনুদানের মাধ্যমে দরিদ্র পরিবারের শিশুরা পেয়েছে। দেশের সমস্ত রাজ্যের নাগরিকরা এই সরকারি উদ্যোগের সুবিধা পেতে পারেন বলেও জানান তিনি। তাঁর পরামর্শ, প্রয়োজনে বিধায়ক বা জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরে চিঠি লিখে আর্থিক সহায়তার আবেদন করতে পারেন।
মাতৃ ও শিশুমৃত্যু কমাতে বিশেষজ্ঞ উপদেষ্টা
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ অরুণ সিং এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডঃ অরূপ মাঝিকে উপদেষ্টা হিসেবে যুক্ত করেছে রাজ্য সরকার।
এই বিশেষজ্ঞরা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার কোথায় কোথায় ঘাটতি রয়েছে, তা খতিয়ে দেখবেন। পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ করবেন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক হাজিরা
হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক হাজিরা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ন্যাশনাল হেলথ মিশনের নির্দেশিকা অনুযায়ী বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন কোনও আইন তৈরি করা হয়নি; বরং বিদ্যমান নিয়মকানুন আরও কঠোরভাবে কার্যকর করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চিকিৎসকদের রাজনীতিতে অংশগ্রহণ ও নিরপেক্ষতা
কোনও চিকিৎসক রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর পুনরায় সরকারি চিকিৎসক হিসেবে কাজ করলে তাঁর নিরপেক্ষতা নিয়ে জনমানসে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি চাকরির নিয়ম মেনেই পদত্যাগ করে রাজনীতি বা অন্য কোনও ক্ষেত্রে যুক্ত হওয়া উচিত। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ ও ভোটাধিকার থাকলেও জনসেবামূলক পেশায় নিরপেক্ষতা বজায় রাখা জরুরি বলে তিনি মনে করেন।
জ্বালানির দাম নিয়ে প্রধানমন্ত্রীর দাবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গেও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারত। কিন্তু সেই সম্পূর্ণ বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হয়নি। মাত্র ৭ টাকা দাম বাড়িয়ে বাকি আর্থিক চাপ কেন্দ্র সরকার বহন করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
বামেদের বুক স্টল নিয়ে কটাক্ষ
সিপিআইএমের বুক স্টল প্রসঙ্গে কটাক্ষ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সিপিআইএম কে? সিপিআইএম একটা মাল্টিপল স্ক্লেরোসিস রোগের মতো।”
স্বাস্থ্যমন্ত্রীর একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নতুন করে আলোচনায় উঠে এসেছে।












Leave a Reply