বয়স শুধু সংখ্যা, মাঠে নামলেই মন তরতাজা! ৮৭-র মুজিবর থেকে ৫৫-র নুপুর, মাস্টার্স অ্যাথলেটিক্সে তারুণ্যের জয়গান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বয়স কি শুধুই একটা সংখ্যা? অন্তত মেদিনীপুরের মাঠে দাঁড়ালে তেমনটাই মনে হবে! কারও বয়স ৮৭, কেউ ৭৭, আবার কেউ ৭০ পেরিয়েও দাপিয়ে বেড়াচ্ছেন খেলার মাঠ। কারও হাতে শটপুট, কেউ জ্যাভলিন ছুড়ছেন, আবার কেউ ছুটছেন দৌড়ের ট্র্যাকে। শরীরের বয়স বাড়লেও মনের তারুণ্যে যে ভাটা পড়েনি, তারই প্রমাণ মিলল পশ্চিম মেদিনীপুরে।
মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়াম ও মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হল নবম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬। তরুণ সংঘ ব্যায়ামাগার এবং মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য থেকে অংশ নেন মোট ৩৯৮ জন প্রতিযোগী। ৩০ বছর থেকে ৮৫ বছরের ঊর্ধ্বের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন এই ক্রীড়া আসরে।
এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ৮৭ বছর বয়সী মেদিনীপুরের মুজিবর রহমান। শটপুট, জ্যাভলিন, ডিসকাস ও হ্যামার থ্রো—চারটি ইভেন্টেই অংশ নিয়েছেন তিনি। তাঁর কথায়, মাঠে এলে শরীর ও মন দুটোই ভালো থাকে, সংসারের চিন্তাভাবনাও দূরে সরে যায়। অন্যদিকে, ৭০ বছরের খোকন পালের সাফ বার্তা, ডাক্তারের পিছনে ছুটতে না চাইলে মাঠে ছুটুন। ৭৪ বছরের ছবি হালদার থেকে ৭৭ বছরের মঙ্গল বৈদ্য, প্রত্যেকের মুখেই সুস্থ থাকার একটাই মন্ত্র—নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা। এমনকী ৫৫ বছর বয়সেও মাঠে নেমেছেন খড়্গপুরের নুপুর রায়। তাঁর পরামর্শ, বেশি কিছু না পারলেও অন্তত নিয়মিত হাঁটুন, শরীর ও মন দুটোই ভালো থাকবে। শুক্রবার উদ্বোধনের পর শনিবার ও রবিবার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। রবিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দু’দিনের এই ক্রীড়া প্রতিযোগিতা।
সব মিলিয়ে মেদিনীপুরের এই মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ শুধু পদক জয়ের লড়াই নয়, বরং সমাজের কাছে এক বড় বার্তা—বয়স বাড়ুক, কিন্তু থেমে না যাক শরীরচর্চা। কারণ সুস্থ থাকার লড়াইয়ে মাঠের কোনও বিকল্প নেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *