
গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি নদিয়ার কল্যাণী ও গয়েশপুরেও ছটপুজোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ছটপুজোর প্রথম অর্ঘ্য অর্থাৎ সন্ধ্যা অর্ঘ্যকে ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব গোটা এলাকায়।
ইতিমধ্যেই গয়েশপুরের বিভিন্ন ছটঘাট সাজিয়ে তোলা হয়েছে মনোরম আলোকসজ্জায়। আলো, ফুল এবং বাদ্যযন্ত্রের শব্দে উৎসবমুখর হয়ে উঠেছে ঘাট সংলগ্ন এলাকা। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
ছটপুজো বহু মানুষের কাছে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, আবেগ ও বিশ্বাসেরও এক বিশেষ প্রকাশ। কঠোর ব্রত, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে সূর্যদেবের আরাধনা করেন ব্রতীরা। সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন বহু পরিবার।
ইতিমধ্যেই পুজোর ডালি ও অন্যান্য সামগ্রী নিয়ে ঘাটে আসতে শুরু করেছেন ছটব্রতীরা। ধর্মীয় রীতি মেনে বাদ্যযন্ত্র সহযোগে তাঁরা ঘাটে পৌঁছচ্ছেন। সন্ধ্যায় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদন করবেন ব্রতীরা।
গয়েশপুরের বিভিন্ন ঘাটের মধ্যে এনএসএস সংলগ্ন ঘাটে ভিড় সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। পুজো দেখতে বহু মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন।
ছটপুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে ছটপুজোকে ঘিরে কল্যাণী ও গয়েশপুরে উৎসবের আবহ তৈরি হয়েছে।












Leave a Reply