ধূপগুড়ির মহিলার সততার অনন্য নজির: কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ৩০ হাজার টাকা ও আলুর বন্ড ফিরিয়ে দিলেন প্রকৃত মালিককে।

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি : রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং তিনটি আলুর বন্ড প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার এক উজ্জ্বল নজির গড়লেন ধূপগুড়ির এক মহিলা। ঘটনার তিন দিনের মাথায় হিমঘর কর্তৃপক্ষের মধ্যস্থতায় নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ধূপগুড়ির বাসিন্দা অভিজিৎ সাহা।
​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ধূপগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা অভিজিৎ সাহা মিলপাড়ার দিক থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর বাইকে থাকা একটি ব্যাগে নগদ প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং তিনটি আলুর বন্ড ছিল। কোনোভাবে অসাবধানতাবশত চলন্ত বাইক থেকে টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়।
​ঠিক সেই সময় সুপার মার্কেটের দিক থেকে ওই পথ ধরেই বাড়ি ফিরছিলেন নেতাজীপাড়ার বাসিন্দা রানি ঘোষ। রাস্তার ওপর একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে তিনি সেটি তুলে নেন। ব্যাগটি খুলে ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা ও কাগজপত্র দেখে তিনি বাড়ি ফিরে বিষয়টি তাঁর মেয়ে ও জামাইকে জানান।
​ব্যাগের ভিতর থাকা আলুর বন্ডগুলি পরীক্ষা করে রানিদেবীর জামাই বুঝতে পারেন যে এগুলি স্থানীয় একটি হিমঘরের। কালবিলম্ব না করে তিনি সরাসরি ওই হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যাগটি কুড়িয়ে পাওয়ার সমস্ত বৃত্তান্ত জানান। অন্যদিকে, টাকা ও বন্ড হারানোর পরপরই অভিজিৎ বাবুও বিষয়টি ওই হিমঘর কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিলেন। ফলে হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমেই প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হয়।
​হিমঘর কর্তৃপক্ষের তরফ থেকে অভিজিৎ সাহাকে টাকা ও বন্ড উদ্ধারের খবর দেওয়া হয়। এরপর এদিন রানি ঘোষের পরিবার হিমঘরে এসে কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিজিৎবাবুর হাতে সম্পূর্ণ নগদ টাকা ও তিনটি আলুর বন্ড তুলে দেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে রানি ঘোষ ও তাঁর পরিবারের এই সততা এবং মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ গোটা ধূপগুড়িবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *