
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: জোকা থেকে ডায়মন্ড হারবার হয়ে সাগর পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হলেন দক্ষিণ ২৪ পরগনার চার বিধায়ক। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করে রাস্তা চার থেকে ছয় লেনে সম্প্রসারণের প্রস্তাব পেশ করেন তাঁরা। প্রস্তাবটি বিবেচনা করে দ্রুত ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বলে দাবি বিধায়কদের।
প্রতিনিধি দলে ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। তাঁরা মন্ত্রীর হাতে এই সংক্রান্ত প্রস্তাব ও স্মারকলিপি তুলে দেন।
বিধায়কদের বক্তব্য, বর্তমানে জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত রাস্তাটি দু’লেনের হওয়ায় প্রতিদিন যানবাহনের বিপুল চাপ সামলাতে সমস্যা হয়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় যানজটের কারণে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ে। এই পরিস্থিতিতে রাস্তাটিকে চার লেনে সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে সাগর পর্যন্ত সড়ক যোগাযোগ আরও উন্নত করার প্রস্তাবও রাখা হয়েছে।
বিধায়কদের দাবি, নীতিন গড়করি তাঁদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে DPR তৈরির নির্দেশ দিয়েছেন।
বিধায়ক শঙ্কর শিকদার জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে বেহালা, ঠাকুরপুকুর, জোকা, আমতলা, ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। যানজট কমার পাশাপাশি যাতায়াতের সময়ও কমতে পারে।
এই রাস্তা সম্প্রসারিত হলে পণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করছেন প্রস্তাবের উদ্যোক্তারা। বিশেষ করে গঙ্গাসাগরগামী পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত NH-117 (নতুন NH-12)-এর অংশ চার লেনে সম্প্রসারণের জন্য DPR প্রস্তুত করার পরামর্শক নিয়োগের সরকারি দরপত্রও প্রকাশিত হয়েছে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন, অর্থ বরাদ্দ এবং নির্মাণকাজ শুরুর সময়সীমা এখনও নির্দিষ্ট নয়।












Leave a Reply